আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুগভীর করার উপায় নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখতে আলজেরীয় রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে আরও জোরালো সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং খেলাধুলা ও সংস্কৃতিতে সহযোগিতা গভীর করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার আগ্রহের কথা জানান। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফরের গুরুত্বও তুলে ধরেন তিনি।
মন্তব্য
আপত্তিকর, বিদ্বেষমূলক বা ব্যক্তি-আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে। মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।
Comments
Post a Comment